গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় বেড়েছে ১ টাকা ৩১ পয়সা

২২ এপ্রিল, ২০২০ ১৮:৩৪  
চলতি বছরের প্রথম প্রান্তিকে এক হাজার ৭ কোটি টাকা নিট মুনাফা করেছে শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণ ফোন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯২ পয়সা। ২০১৯ সালের একই সময়ে যা ছিল ছয় টাকা ৬১ পয়সা। অর্থাৎ এক বছরে অপারেটরটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১ টাকা ৩১ পয়সা। প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান। সিএফও ইয়েন্স বেকারের তথ্য অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে নেটওয়ার্ক উন্নয়নে ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে গ্রামীণফোন। ভ্যাট, ফোরজি লাইসেন্স ফি, স্পেকটার্ম এ্যাসাইনমেন্ট ফি, ডিউটি ও ফিস বাবদ প্রথম প্রান্তিকে সরকারী কোষাগারে জমা দিয়েছে ২৪৬০ কোটি টাকা। আর মোট আয় করেছে তিন হাজার ৬২০ কোটি টাকা,যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি।